গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) মুন্সি আতিকুর রহমানের জেরার জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার ২নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ দিন ধার্য করেন।
তদন্ত কর্মকর্তাকে তদন্তের দিন ধার্য ছিল আজ। তবে ইজতেমার কারণে আসামিদের আদালতে হাজির না করায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী জেরার জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন। মামলায় ৮৩ সাক্ষীর মধ্যে ৬৮ জন্য সাক্ষ্য হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০০ সালের ২২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটালীপাড়া সফর উপলক্ষে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে জনসভার প্যান্ডেল তৈরির প্রস্তুতিকালীন একটি শক্তিশালী বোমা দেখতে পাওয়া যায়।
এ সময় সেনাবাহিনীর একটি দল ৭৬ কেজি একটি শক্তিশালী বোমা উদ্ধার করে। ২৩ জুলাই ৪০ কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিনই কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন একটি মামলা দায়ের করেন।
২০০১ সালের ৮ এপ্রিল সিআইডির সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমান গোপালগঞ্জ আদালতে মুফতি আব্দুল হান্নানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি ২০১০ সালে ঢাকার ২নং দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করা হয়।
মামলার অপর আসামিরা হলেন- মো. মহিবুল্লাহ, মুন্সি ইব্রাহিম, মো. মাহমুদ আজহার, মো. রাশেদ ড্রাইভার, মো. শাহ নেওয়াজ, মো. ইউসুফ, মো. লোকমান, শেখ মো. এনামুল ও মো.মিজানুর রহমান।
