২০২০ সাল শেষ। করোনাভাইরাসের মহামারি নিয়ে আসা বছরটিকে বিদায় করতে পারলেই যেন বাঁচে সবাই। বেদনা, শোক আর আতঙ্কে কেটেছে বছরটি। প্রায় সারা বিশ্বই ছিলো ঘরবন্দী হয়ে। তবে এর মধ্যেই মানুষকে হতাশা কাটাতে কাজ করে গেছেন শোবিজের মানুষেরা। দেশে দেশে করোনার মধ্যেও সিনেমা মুক্তি পেয়েছে। বিনোদন দিয়েছে মানুষকে।
এক্ষেত্রে দারুণ ভূমিকা রেখেছে বলা যায় ওটিটি প্লাটফর্মগুলো। নেটফ্লিক্সসহ বেশ কিছু অ্যাপসে বলিউডের কিছু সিনেমা মুক্তি পেয়েছে ২০২০ সালে। করোনা আসার আগে সিনেমা হলেও দেখা গেছে কিছু সিনেমা। আবার লকডাউন শেষ হবার পরও হলে মুক্তি পেয়েছে সিনেমা। সেগুলোর মধ্য থেকেই আলোচনা ও প্রশংসিত হয়েছে বলিউডের বেশ কিছু সিনেমা।
আবার অনেক সিনেমা দেখে হতাশও হয়েছেন দর্শক। গল্প, চিত্রনাট্য, নির্মাণ ও অভিনয়ের দুর্বলতায় এসব ছবি বিরক্তির কারণ হয়েছে। সেই তালিকায় একবার চোখ রাখা যাক-
লাভ আজ কাল
এ তালিকায় শুরুতেই চলে আসে ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল’ সিনেমার নাম। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমার রিমেক হিসেবে তৈরি হয় সিনেমাটি। ছিল ভিন্ন ধরণের রিমেকের প্রতিশ্রুতি। তবে কার্তিক আরিয়ান এবং সারা আলি খানের অভিনয় থেকে শুরু করে প্লটের অগ্রগতি সব জায়গা ছিল প্রশ্নবিদ্ধ। অবশেষে করোনায় আক্রান্ত ২০২০ সালের মতো এ সিনেমাটিও শেষ হয় হতাশার মধ্য দিয়ে।
ভুত পার্ট ওয়ান – দ্য হনটেড শিপ
হরর সিনেমায় বলিউডের সাফল্য কখনই উল্লেখযোগ্য ছিল না। তবে ভিকি কৌশল যখন ‘ভূত পার্ট ওয়ান : দ্য হান্টেড শিপ’-এর জন্য ধর্ম প্রোডাকশনের সাথে আলোচনায় বসেন তখন আশার পারদটা বাড়তে থাকে সবার। কিন্তু সিনেমাটি মুক্তির পর দর্শকের আবদার মেটাতে ব্যর্থ হয়েছে এটি।
বাঘি থ্রি
চলতি বছরে মুক্তির আগে দর্শকের মুখে মুখে থাকা সিনেমার নামগুলোর মাঝে একটি ছিল ‘বাঘী থ্রি’। তবে মুক্তির পর সিনেমাটির নতুনত্ব খুঁজে বের করতে বেশ কষ্ট করতে হয়েছে দর্শকদের। অনেকের কাছেই মনে হয়েছে এ যেন প্রথম দুই পর্বের মিশ্রণ। টাইগার শ্রফকে জাতির বিরুদ্ধে যুদ্ধে নামিয়ে দেওয়াটাও অতিরঞ্জিত মনে হয়েছে অনেক সিনেমা সমালোচকের কাছেও। সিনেমাটি পরিচালনা করেছেন আহমেদ খান। এই ছবিতে প্রথম কিস্তির পর আবারও নায়িকা হিসেবে ফিরিয়ে আনা হয়েছে শ্রদ্ধা কাপুরকে।
