২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৩

নবাব এলএলবি সিনেমা নিয়ে শাকিব খানের ক্ষোভ

Google+ Pinterest LinkedIn Tumblr +

অনেক আলোচনা ও তর্ক-বিতর্কের পর বিজয় দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমাটি। মুক্তি পেয়েও সিনেমাটি বিতর্ক থেকে বের হতে পারছে না। ছবিটি নিয়ে প্রতারণার অভিযোগ এনেছেন অনেক দর্শক। এবার এর নায়ক শাকিব খানও দাবি করলেন, তার সঙ্গেও প্রতারণা করা হয়েছে।

আজ ১৯ ডিসেম্বর একটি জনপ্রিয় গণমাধ্যমে দেয়া বক্তব্যে এমনই দাবি করেছেন এই সময়ের ঢালিউড শীর্ষ নায়ক।

সেখানে শাকিব বলেন, ‘এটা সরাসরি প্রতারণা। সিনেমা ধ্বংসের ষড়যন্ত্রও বলা যায়। আমি ভাবতে পারিনি মামুন এমন কাজ করবে। দর্শক ৯৯ টাকা ফি দিয়ে অর্ধেক ছবি দেখবে কেন! তা ছাড়া এটাকে মামুন পার্ট-১ বলে দাবি করছে কীভাবে? আমি তো জানি, কোনোভাবেই এটা পার্ট-১ বা পার্ট-২ না।

পুরো একটা সিনেমার অর্ধেক সে মুক্তি দিয়েছে। এটা অন্যায়। এখন দর্শক যদি ভোক্তাধিকারে মামলা করে, মামুনের কোনো অজুহাতই কাজে লাগবে না। তাকে জরিমানা দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই সিনেমায় অভিনয় করাটাই আমার ভুল হয়েছে। শুরুতে যখন বারবার শিডিউল নিয়ে ঘাপলা করেছিল, তখনই সরে দাঁড়ানো উচিত ছিল। আমাকে গল্প শুনিয়েছে এক রকম, শুটিং করেছে আরেকভাবে। মুক্তির পর দেখা গেল অন্যরকম। যারা আমাকে ফোন করেছেন, প্রত্যেককে বলেছি, এই সিনেমা আমার না। আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে।’

প্রসঙ্গত, ধর্ষণের প্রতিবাদকে ঘিরে নির্মিত ‘নবাব এলএলবি’ দেখতে ‘আই থিয়েটার’ নামক অ্যাপকে ৯৯ টাকা ফি দিতে হয়েছে দর্শককে। কিন্তু সিনেমা দেখতে গিয়ে সেটি মাঝপথেই শেষ হয়ে গেছে। পরিচালকের পক্ষ থেকে এর ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে, এটি তার ‘ব্যাবসায়িক পলিসি’। সিনেমার বাকি অংশ শিগগিরই দেখা যাবে। তবে তার জন্য দর্শককে নতুন করে আবারও টিকিট কাটতে হবে।

তবে এর আগে কখনো পরিচালক মামুন এই বিষয়ের আভাস দেননি। এমন কোনো খবর জানাও যায়নি যে ‘নবাব এলএলবি’ দ্বিতীয় কিস্তিতে দেখতে হবে। তাই পুরো সিনেমা দেখতে বসা দর্শক অর্ধেক সিনেমা দেখে বিরক্তি প্রকাশ করেছেন।

Share.

Comments are closed.