২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১২

দেখতে সুন্দর বলে কাজ পাননি দিয়া মির্জা

Google+ Pinterest LinkedIn Tumblr +

বিখ্যাত অনেক তারকাই সুপারহিট বা কালজয়ী সিনেমায় চূড়ান্ত হয়েও বাদ পড়েছেন এমন নজির অনেক আছে। অভিনয়ের জন্য যোগ্য হলেও নানা কারণে বাদ পড়তে হয়। সেটা হয় শিডিউলজনিত, হয় উচ্চারণ বা বিশেষ কোনো যোগ্যতার অভাবে।

কিন্তু দেখতে সুন্দর হওয়ার জন্য সিনেমা থেকে বাদ পড়া, কারণ হিসেবে খানিকটা অদ্ভুতই বটে! সম্প্রতি এমন এক অভিযোগই এনেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।

অনেক সময় শোনা গেছে, গায়ের রঙ শ্যামবর্ণ বলে অনেকে সিনেমা থেকে বাদ পড়েন। কিন্তু দিয়াকে বাদ দেয়া হয়েছে তার গায়ের রঙ ফর্সা বলে।

আনন্দবাজারে আজ (৭ ডিসেম্বর) এই অভিনেত্রীকে নিয়ে প্রকাশ হওয়া এক ফিচারে বলা হয়েছে, দেখতে সুন্দর হওয়ায় শুধু সিনেমা থেকে বাদ পড়া নয়, তিনি নাকি অনেক সময় অসুবিধায়ও পড়েছেন। তিনি যে ধরনের ছবিতে কাজ করতে চেয়েছেন, তার গায়ের রঙের জন্য সেই ধরনের ছবি করতে পারেননি বলে মনে করেন দিয়া।

যদিও স্বীকার করেছেন, বিউটি পেজ্যান্ট জিতেই তিনি মানসিক এবং আর্থিক ভাবে আত্মনির্ভর হয়েছেন। পাশাপাশি এই খেতাব প্রচুর কাজের সুযোগ এনে দিয়েছে তাকে।

ছোটবেলা থেকেই অভিনয় ভালোবাসতেন। স্কুলে নাটকও করেছেন। এরপর মাত্র ১৯ বছর বয়সে মিস এশিয়া প্যাসিফিকের খেতাব জিতে বলিউডে পা রেখেছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পথচলা সম্পর্কে বলতে গিয়ে বলিউড নন্দিনী দিয়া বলেন, ‘যে কোনো ধরনের প্রচলিত ধ্যানধারণা ক্ষতিকর হতে পারে। আমার লুক অনেক সময়ই আমার পেশায় অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি চাকরি হারিয়েছি এবং একটি চরিত্রে আমাকে কাস্ট করা হয়নি, কারণ আমি দেখতে সুন্দর। এটা একটা অদ্ভুত ধরনের অসুবিধা।’

২০০১ সালে ‘রহেনা হ্যায় তেরে দিল মে’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। অভিনেত্রী হিসেবে ছাপ না ফেলতে পারলেও পরবর্তীকালে প্রযোজনা এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। অভিনয়কে বিদায় জানাননি দিয়া। তিনি আশাবাদী। আগামী দিনে আরও ভালো কাজ দিয়ে ফিরে আসবেন।

Share.

Comments are closed.