যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো নৌ ঘাঁটিতে নোঙর করা একটি বিমানবাহী রণতরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে এ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ সৈন্য ও চার বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানানো হয়।
রবিবার (১২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। ইউএসএস বোনহোম রিচার্ড নামের রণতরীটি সমুদ্রে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ ১,০০০ সেনা বহন করতে সক্ষম হলেও এটিতে আগুন ধরে যাওয়ার সময় এটিতে প্রায় ২০০ ক্রু উপস্থিত ছিলেন।
মার্কিন নৌবাহিনীর অন্যতম মুখপাত্র কৃষ্ণা জ্যাকসন বলেছেন, রণতরীটি মেরামতের জন্য ওই নৌ ঘাঁটিতে নোঙর করা হয়েছিল। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
তিনি আরও জানান, অন্তত ১৮ সেনা ও চার বেসামরিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। যদিও মার্কিন যুদ্ধজাহাজটির অপূরণীয় ক্ষতি হয়েছে।
