বিনোদন ডেস্ক: বেশ দীর্ঘ বিরতির পর গত বছরজুড়েই গানে সরব ছিলেন ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা। অডিওর পাশাপাশি বেশ কয়েকটি মিউজিক ভিডিও প্রকাশ হয় তার, যা দর্শক মহলে প্রশংসিত হয়। তবে বছরের শেষের দিকে এসে পাঁচ বছরের সংসার ভেঙে যায় তার। গত বছরের ৩০শে নভেম্বর আনুষ্ঠানিকভাবে স্বামী শিবলির সঙ্গে তার ডিভোর্স হয়। বর্তমানে বাবা, মা ও মেয়ে স্নেহাকে নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে থাকছেন সালমা। তবে দীর্ঘদিন পর গানে আরো বেশি সরব হয়েছেন এ শিল্পী। টিভি লাইভ, স্টেজ শো, অ্যালবাম, থিম সং কোথায় নেই সালমা! প্রতিটি ক্ষেত্রেই নতুন করে নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন তিনি। তারই ধারাবাহিকতায় বেশ কয়েকটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন সালমা। এর মধ্যে আসিফ ইকবালের কথায় অটোমুনাল মুনের সুরে একটি গান গেয়েছেন। সর্বশেষ পার্থ বড়ুয়ার সুরে গেয়েছেন ‘বাংলাদেশ চা প্রদর্শনী’র থিম সং। সালমা ছাড়াও সিনিয়র ও চলতি প্রজন্মের আরও ছয়জন শিল্পী এ গানে কণ্ঠ দিয়েছেন। এদিকে এর বাইরেও আরো কয়েকটি নতুন গানের কাজ করেছেন সালমা। এ গানগুলোর আসছে ভালোবাসা দিবস ও পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ হবে।
এ বিষয়ে সালমা বলেন, নতুন গান করেছি বেশ কিছু। তবে সব ধরনের গান করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। কেবল মন পছন্দ হলেই সেগুলো করবো। তারই ধারাবাহিকতায় বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছে। সব মিলিয়ে নতুন বছরটা ভালোভাবে শুরু হয়েছে। এদিকে নতুন গানের বাইরে টিভি লাইভেও নিয়মিত হয়েছেন তিনি। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে শো করছেন। গতকাল তিনি শো করেছেন খুলনায়। জানুয়ারিজুড়েই শো নিয়ে ব্যস্ত থাকতে হবে বলে জানালেন এ শিল্পী।
এ বিষয়ে সালমা বলেন, আমি সবকিছু নতুন করে শুরু করতে চাচ্ছি। যে গানের জন্য আমাকে সংসার ছাড়তে হলো, এবার সেই গান নিয়েই থাকতে চাই আজীবন। তাই এ বছরটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এ মাসটা পুরোটাই শো রয়েছে। পাশাপাশি টিভি লাইভ ও রেকর্ডিংও রয়েছে। আশা করছি ভালোভাবেই গানের বাকি দীর্ঘ পথটা পাড়ি দিতে পারবো।
