২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১০

টেলিভিশনে চীনের ড্রামা সিরিয়াল

Google+ Pinterest LinkedIn Tumblr +

চীনা মিং সাম্রাজ্যের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ষড়যন্ত্র, ঘৃণা ও ভালোবাসার ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে ড্রামা সিরিয়াল ‘মূ’—এ। বাংলায় ডাবিংকৃত ১০০ পর্বের এই সিরিয়াল এবার বাংলাদেশের একুশে টেলিভিশনে প্রচার শুরু হয়েছে। সপ্তাহে সাত দিন ধরে এটি দেখানো হবে, যেটির প্রচার শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে।

২০১২ সালে সিরিজটি প্রথম চীনের সরকারি স্টেশন সিসিটিভিতে ‘টার্বুলেন্স অব দ্য মু ক্লেন’ নামে প্রচারিত হয়। ‘মূ’ ড্রামা সিরিজটি মূলত চীনা সাম্রাজ্যের রাজপরিবারের দ্বন্দ্ব ও নানা ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত।

সিরিজের কাহিনিচিত্রে দেখা যায়, রাজপরিবারের সদস্যরা ক্ষমতার লোভে নিজেদের মধ্যে সর্বদা যুদ্ধ-বিগ্রহে লিপ্ত থাকতেন। সাধারণ পরিবার থেকে আসা আলেকু পাঁচ বছর বয়সে প্রতিশোধের আগুন নিয়ে ‘মূ’ পরিবারকে ধ্বংস করার লক্ষ্যে রাজ পরিচারিকা হিসেবে প্রাসাদে প্রবেশ করে। দীর্ঘ বিশ বছর ‘মূ’ পরিবারের সঙ্গে পার করে দিলেও তার ক্ষোভ কমেনি। কিন্তু এই দীর্ঘ পরিক্রমায় আলেকু রাজপরিবারের অন্যতম সদস্য মূ জেংয়ের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, যা রাজপরিবার কোনোভাবেই মেনে নিতে পারে না।

রাজপরিবারের দুর্বিষহ প্রতিবন্ধকতার মুখে একসময়ে আলেকু ও মূ-জেং একসঙ্গে আত্মহননের পথ বেছে নিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নানা ঘাত-প্রতিঘাতের পর আলেকুর দূরদর্শিতা ও বুদ্ধিমত্তায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। অতঃপর ধীরে ধীরে রাজপরিবারের সব অন্তর্দ্বন্দ্ব দূর করে আলেকু হয়ে ওঠে ‘মূ’ রাজপরিবারের অন্যতম ক্ষমতাধর ও গুরুত্বপূর্ণ চরিত্র।

চীনের ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি করা ড্রামা সিরিজটি পরিচালনা করেছেন রিংগো ইয়ু । ওয়াং জুয়ানের চিত্রনাট্যের এই সিরিজ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা ও রাত সাড়ে ১০টায় ড্রামা সিরিয়ালটি একুশে টেলিভিশনে প্রচার করা হবে।

Share.

Comments are closed.