Categories: জাতীয়

খালেদার গুডবুকে ১০ নেতা

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চমক দেখাবেন বলে মনে করছেন সংগঠনটির নেতাকর্মীরা। তবে মেয়াদোত্তীর্ণ হওয়ার আড়াই মাস পরও নতুন কমিটি নিয়ে দৃশ্যত কোনো তৎপরতা দেখা না গেলেও নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

নতুন কমিটির বিষয়ে সবাই তাকিয়ে আছেন সাংগঠনিক নেত্রী বেগম খালেদা জিয়ার দিকে। এমন পরিস্থিতিতে যারা নতুন কমিটিতে পদ পেতে চান তারা শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। দুঃসময়ে দলের পাশে না থাকা নেতারাও সুপার ফাইভে পদ নিশ্চিত করতে সর্বোচ্চ তদবির অব্যাহত রেখেছেন।

চেয়ারপারসনের প্রেস উইং সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ছাত্রদলের নতুন কমিটি নিয়ে চিন্তা-ভাবনা করছেন খালেদা জিয়া। এতে চমক থাকবে। ১০ নেতার মধ্যে থেকেই সুপার ফাইভ চূড়ান্ত করার অনানুষ্ঠানিক কার্যক্রমও শুরু হয়েছে।

সূত্রটি আরো জানায়, বিরোধী দলের এ পরিস্থিতিতে যাদের সংগঠনের ভেতরে-বাইরে ক্লিন ইমেজ আছে তারাই কমিটিতে স্থান পাবেন। ভবিষ্যতে কঠিন পরিস্থিতির বিষয়টি বিবেচনায় রেখে যোগ্য ও দক্ষ নেতাদের কাঁধেই দায়িত্ব দেয়া হবে।

পর্যবেক্ষণে দেখা গেছে, বিএনপির এ সংকটকালে ছাত্রদলের কতিপয় নেতা নিজেদের মধ্যে অপপ্রচার অব্যাহত রেখেছেন। ফলে খুঁড়িয়ে চলা এ সংগঠনটির অগ্রযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নতুন বছরে নতুন কমিটি গঠনের মাধ্যমে এই অপপ্রচার কলঙ্কমুক্ত হতে পারে।

সর্বশেষ সংগঠনটির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতেও পদপ্রত্যাশীরা পৃথক শোডাউন-মিছিল করে নিজেদের শক্তির জানান দেন। এর আগে মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের জন্য নয়াপল্টনে সংগঠনের একাংশের নেতারা বিশেষ বৈঠকও করেন।

এদিকে নতুন কমিটিতে শীর্ষ পদে অনেকের নাম শোনা গেলেও মূল আলোচনা ১০ নেতাকে ঘিরেই। এদের মধ্যে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান ও সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনের মধ্যে যেকোনো একজনকে নতুন কমিটির শীর্ষ পদে রাখার গুঞ্জন শোনা যাচ্ছে।

এছাড়া সুপার ফাইভে যাদের নাম আলোচনা রয়েছে তারা হলেন দলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, আবু আতিক আল হাসান মিন্টু, ইখতিয়ার কবির, সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদু্জ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইন, মিয়া রাসেল, মেহবুব মাসুম শান্ত, ক্রীড়া সম্পাদক সৈয়দ মাহমুদ।

তবে পদপ্রত্যাশী কতিপয় নেতা নতুন কমিটিতে পদ পাচ্ছেন বলে তাদের অনুসারীদের কাছে যে অপপ্রচার চালাচ্ছেন সেসব নেতার কপালে ভাঁজ পড়তে পারে কমিটি ঘোষণার পর। এদের মধ্যে আবার কেউ আছেন যারা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে পদ বাগিয়ে আনারও ফন্দি করছেন।

নতুন কমিটির বিষয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আকরামুল হাসান জাগো নিউজকে বলেন, সংগঠনের সাংগঠনিক নেত্রী বেগম খালেদা জিয়া যখন চাইবেন তখনই নতুন কমিটি গঠন করা হবে। কমিটি দেয়ার এখতিয়ার কেবল বিএনপি চেয়ারপারসনের বলেও জানান তিনি।

ছাত্রদলের অভিভাবক হিসেবে পরিচিত সদ্য সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বর্তমান কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জাগো নিউজকে বলেন, নতুন কমিটি গঠনের বিষয়ে ম্যাডাম এখনও নির্দেশনা দেননি। যখনই নির্দেশনা দেবেন তখনই কমিটি গঠনের মূল কাজ শুরু হবে।

গঠনতন্ত্র অনুযায়ী, দুই বছরের জন্য গঠিত কমিটি ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজীব আহসানকে সভাপতি ও মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি ৭৩৪ জন সদস্য নিয়ে ওই কমিটি পূর্ণাঙ্গ রূপ পায়।-জাগো নিউজ

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago