নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে বাড়াবাড়ি করা হবে না। কোনো অসঙ্গতি দেখা দিলে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি ঘিরে সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বলেন, বাড়াবাড়ি হবে না, আর এটা না হলে সমস্যাও হবে বলে আশা করি। স্বরাষ্ট্রমন্ত্রী নিজিই এটা দেখভাল করছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তারা সঠিকভাবে আইনের প্রয়োগে যাবে।
প্রসঙ্গত, পরিবহন শ্রমিকরা গতকাল বুধবার বেআইনিভাবে কর্মবিরতির নামে সারা দেশে বাস-ট্রাক চলায় বাধা দেয়, সাধারণ চালকদের হয়রানি করে, যাত্রীদের লাঞ্ছিত করে। এ পরিস্থিতিতে পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাতে দীর্ঘ বৈঠক করেন। বৈঠক শেষে রাতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে পরিবহন শ্রমিক ও মালিকদের বিভিন্ন সংগঠন তাদের ৯টি দাবিসহ আরও কিছু সমস্যা তুলে ধরে। এর মধ্যে যেগুলো যৌক্তিক মনে হয়েছে, সেগুলো সমাধানের ক্ষেত্রে তাদের সময় দেয়া হয়েছে। যেমন, বিদ্যমান লাইসেন্স নিয়ে তারা গাড়ি চালানোর জন্য সাত মাস অর্থাৎ ৩০ জুন পর্যন্ত সময় পাবে। এ সময়ের মধ্যে তারা বিআরটিএ থেকে নতুন লাইসেন্স ঠিকঠাক করে নেবেন। মন্ত্রী জানান, এ রকম আরও দু’একটি বিষয়ে তাদের সময় দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তারা কর্মবিরতি কাল থেকে প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছে।
