মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসিসি ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ-আফগানিস্তান। বাংলাদেশ পেসার হাসান মাহমুদের তোপে শুরুতেই বিপাকে আফগানিস্তান ইমার্জিং দল। শীতের সকালে টস জিতে বল নেয় বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের নেয়া সিদ্ধান্ত শুরু থেকেই সঠিক প্রমাণ করতে শুরু করেন হাসান মাহমুদ ও সৌম্য সরকার। মাত্র ৩৬ রানেই দুজনে মিলে তুলে নেন আফগানদের ৪ উইকেট।
ইনিংস ও নিজের প্রথম ওভারের শেষ বলে ওপেনার আব্দুল মালিককে (১) উইকেট রক্ষক মাহিদুল ইসলাম অঙ্কণের ক্যাচ বানিয়ে শুরুটা করেন হাসান মাহমুদ। এরপর শহীদুল্লাহ (৩) ও শওকত জামানও (১৩) শিকার হন তার। দলীয় ৩৬ রানের মাথায় উইকেট রক্ষক ব্যাটসম্যান মুনির আহমেদকে পরিষ্কার বোল্ড করে সৌম্য সরকার আরও বিপাকে ফেলে দেন আফগানদের। এরপর রাসুলি ও অভিজ্ঞ সামিউল্লাহ শিনওয়ারি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দুজনে মিলে যোগ করেন ৩৭ রান, কিন্তু তানভীর ইসলামের শিকার হয়ে শিনওয়ারি ১১ রান করে বিদায় নিলে ৭৩ রানেই আফগানরা হারিয়ে বসে ৫ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১২১ রান। আজকের জয়ী দল ২৩ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তানের।
