অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ভিসির পদত্যাগের পক্ষে ও বিপক্ষে শিক্ষার্থীদের সংঘর্ষের জের ধরে এ ঘোষণা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।
এর আগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান নেওয়া আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ২০ জন আন্দোলনকারী আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ও সাভার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে ছাত্রলীগ সভাপতি মো. জুয়েল রানা বলেন, ছাত্রশিবিরমুক্ত ক্যাম্পাস ও ছাত্রশিবিরের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছি। আমরা তাদের উচ্ছেদ করতে যাই নি, বরং সহবস্থান নিতে গিয়েছি।
