আজ থেকে শুরু হতে যাচ্ছে ভারত-বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ। দিল্লির ফিরোজ কোটলা স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা। রোহিত শর্মার সংবাদ সম্মেলনে ভারতের টি-২০ র্যাংকিং যেন পরীক্ষার ধাঁধাঁর মতো হয়ে এলো। টি-২০ র্যাংকিংয়ে ভারতের পাঁচে থাকা নিয়ে খুশি নন জানিয়ে রোহিত বলেন,’ এই জায়গায় আমাদের উন্নতি আনতে হবে।’ এরপর নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন ছুঁড়ে দিলেন, ‘ভারতের টি-২০ র্যাংকিং পাঁচই তো?’ একজন বললেন, এখন ভারত র্যাংকিংয়ে দুইয়ে আছে।’ রোহিত উত্তর দিলেন, ‘আমি নিশ্চিত ভারত পাঁচেই আছে। আমি আমার হোম ওয়ার্ক ঠিকঠাক করেই এসেছি।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফমেন্স করা রোহিত বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটাকে হয়তো টি-২০ র্যাংকিংয়ে উন্নতির সুযোগ হিসেবেই দেখছেন। ভারতীয় অধিনায়ক বলেন, ‘আপনার হাতে যে দল আছে, তাদের যে সামর্থ্য আছে তা যথাযথ মাঠে প্রয়োগের জন্য অনেক কৌশল এবং পরিকল্পনা নিতে হবে। ক্রিকেটারদের ভালো মতো বুঝতে হয়। একজন নেতার সবচেয়ে বড় কাজ এটাই।’ দলে বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ কিংবা হার্ডিক পান্ডিয়ারা নেই। সাঞ্জু স্যামসন, খলিল আহমেদ, রাহুল চাহারদের নিয়ে বাংলাদেশকে হারানোর কাজটা করতে হবে ভারতকে। সেটা একেবারে সহজভাবে নিচ্ছেন না রোহিত শর্মা, ‘বাংলাদেশ খুবই ভালো দল। বিগত বছরগুলোর দিকে তাকালে দেখা যাবে তারা কতটা উন্নতি করেছে। শুধু দেশে নয়, দেশের বাইরেও। আমাদের বিপক্ষে খেলা হলেই ওরা আমাদের চাপে ফেলে দেয়। বাংলাদেশকে তাই ভিন্ন চোখে দেখার সুযোগ নেই। তাদের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় নেই। তারপরও তারা ভালো দল। তারা অঘটন ঘটাতেই পারে। আমি ঠিক অঘটন বলতে চাইনি। তারা আমাদের হারাতে পারে সেটাই বুঝাতে চাইছি।’
