গেল মাসেই বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানেন একসময় বাংলাদেশের বোলারদের ত্রাস জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা। অবসর নেয়ার মাস খানেকের মধ্যেই নতুন দায়িত্ব পেলেন তিনি। নিয়োগ পেলেন জিম্বাবুয়ের প্রথম ‘ডিরেক্টর অব ক্রিকেট’ হিসেবে। বুধবার (৩০ অক্টোবর) এক টুইট বার্তায় প্রেস বিজ্ঞপ্তিতে মাসাকাদজার সভাপতি নির্বাচিত হওয়ার খবরটি প্রকাশ করে জিম্বাবুয়ে ক্রিকেট । শুক্রবার (১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিবেন তিনি।
উল্লেখ্য, ২০০১ সালে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটেছিল মাসাকাদজার। সে বছরই টেস্টের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে শতকের রেকর্ড গড়েন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৮ বছরের লম্বা ক্যারিয়ারে মাসাকাদজা ৩৮টি টেস্ট, ২০৯টি ওয়ানডে ও ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন। এর মধ্যে ৩৮টি টেস্টের ৭৬ ইনিংসে ৫ শতকসহ ৩০.০৪ গড়ে ২২২৩ রান ও ২০৯টি ওয়ানডেতে ৫ শতকসহ ২৭.৭৩ গড়ে ৫৬৫৮ রান এবং ৬৬টি টি-২০তে ২৫.২৫ গড়ে ১৬৬২ রান করেন। টেস্ট ও ওয়ানডেতে দেশটির ক্রিকেট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
