জাতীয় রাজস্ব বোর্ডের দেয়া চিঠিতে ঘটক পাখি ভাইয়ের আমানত, বিনিয়োগ ও ভল্টে থাকা সম্পদের হিসাব দেয়ার নির্দেশ প্রসঙ্গে পাখি ভাই বলেন, এনবিআর জানে না যে আমরা ডাল ভাত খাই। বিয়ের ঘটকালি করে যে টাকা পাই তা দিয়ে স্টাফদের বেতন, অফিস ভাড়া দিয়ে হাতে কিছু থাকে না। তারা যে অফিস দেখছে সেটিও তো আমার না, ডেকোরেশনসহ ভাড়া দেই এবং ৩৫ বছর ধরে এই মার্কেটে ভাড়া আছি।
সোমবার (২৮ অক্টোবর) এই বিষয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়ে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
শুদ্ধি অভিযান শুরুর পর থেকেই গ্রেফতার হচ্ছেন অনেক রাঘব বোয়াল। তবে সর্বপ্রথম ব্যাংক হিসাব তলব করা হয়েছিল যুবলীগের অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর। এছাড়া ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি পাওয়া মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে এনবিআর।
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয় প্রধানমন্ত্রীর নির্দেশে র্যাবের নেতৃত্বে শুদ্ধি অভিযান। এক এক করে গ্রেফতার হন খালেদ মাহমুদ ভূঁইয়া, জি কে শামীম, ইসমাইল হোসেন সম্রাট, কাজী ফিরোজ, লোকমান হোসেন ভূঁইয়াসহ আরো অনেকে। আটকদের জিজ্ঞাসাবাদদের করে পাওয়া যাচ্ছে আরো অনেক নাম। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিছু পুলিশ কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
