নাটোরের সিংড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম কামরানের দ্বিতীয় স্ত্রী মিফতাহুল জান্নাতের কিছু অন্তরঙ্গ ছবি ও আক্রমণাত্নক কথাসহ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকা।
এই স্ট্যাটাসের তথ্যকে ভুয়া ও অপপ্রচার উল্লেখ করে যুবলীগ নেতা কামরান রবিবার (২৭ অক্টোবর) নাটোর শহরে একটি প্রেস কনফারেন্স করেন। সেখানেই তিনি তার বক্তব্য তুলে ধরেন। এসময় কামরান বলেন, জীবনে কোন দিন মদ স্পর্শই করেননি তিনি। অস্ত্র, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি হাস্যকর এবং উদ্দেশ্য প্রণোদিত।
এছাড়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামরান জানান, খুব শিগগিরই তার বিরুদ্ধে ওই কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ার বিষয়ে আইসিটি আইনে মামলা করবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কামরুল ইসলাম কামরানের প্রথম স্ত্রী শিউলী খাতুন ও দ্বিতীয় স্ত্রী মিফতাহুল জান্নাত মিষ্টিসহ দুই পক্ষের আত্মীয়-স্বজন।
