ক্যাসিনো ইস্যুতে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা দেশবাংলা মাল্টিমিডিয়ার কর্ণধার প্রযোজক এনামুল আরমান র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। তার গ্রেফতার হওয়ার পরই শাকিব খান অভিনীত ছবি ‘আগুন’ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ছবিটিতে শাকিব খানের নায়িকা হিসেবে আছেন নবাগত জাহারা মিতু্। গত ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কক্সবাজারে ছবিটির দ্বিতীয় ধাপের দৃশ্য ধারণ হয়। এরপর থমকে আছেন ছবিটির শুটিং। ছবিটি সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, আগুন ছবির সব কট’টি গানের শুটিয় এখনও বাকি। গান ছাড়া শুধু সংলাপের অংশের প্রায় ৭০ ভাগ কাজ শেষ।
তবে বাকী ৩০ ভাগ কাজের জন্য ঝুলে যেতে পারে ছবিটি। এদিকে আগুনের পরবর্তী শিডিউল নিয়ে অনিশ্চয়তা থাকার আভাসও দিলেন ছবিটির পরিচালক পরিচালক বদিউল আলম।
প্রযোজক যেহেতু কারাগারে আছেন অন্য কোন প্রযোজক নেয়ার সম্ভাবনা আছে কীনা জানতে চাইলে পরিচালক বলেন,‘এটা হয়তো সম্ভব না। তা ছাড়া এই ছবিতে অন্য কেউ এসে বিনিয়োগ করার আগ্রহ দেখাবেন না।’
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ছবির চারটি গান ছাড়াও নায়ক-নায়িকার বেশির ভাগ কাজই বাকি। তা ছাড়া চারটির মধ্যে দুটি গান এখনো রেকর্ডিং হয়নি।
নায়িকা জাহারা মিতু বলেন, ‘চারটি গানের শুটিং ছাড়াও ছবিতে আমার আর নায়কের সংলাপের কাজ বাকি আছে। জানি না এই ছবির কী হবে। এ ব্যাপারে আমাকে কেউ কিছু বলেননি। নতুন করে শিডিউলও নেয়া হয়নি বলে জানান জাহারা মিতু।
