নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা বলেছেন, ‘বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আমরাও নড়াইলের উন্নয়নের লক্ষ্যে কাজ শুরু করেছি।’ রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টায় নাড়াইল প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি জেলার বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, নড়াইল সদর হাসপাতালকে আধুনিকীকরণ, নদী ও খাল পুনঃখনন, নদী ভাঙনরোধে স্থায়ী তীর সংরক্ষণ, ইকোনোমিক জোন করা, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি তুলে ধরেন এবং এসব উন্নয়নমূলক কাজ তদারকির জন্য তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। মাশরাফি বলেন, ‘সকলকে সঙ্গে নিয়ে নড়াইলের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই। ‘ নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু এবং সাইফুল ইসলাম তুহিন।
