২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৭

চুপ করো তুমি, আর একটা কথাও বলবা না…

Google+ Pinterest LinkedIn Tumblr +

১১ দফা দাবিতে খেলোয়াড়েরদের আন্দোলনের বরাবরই বিরোধীতা করে আসছিলেন জাতীয় দলের ম্যানেজার ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। এমনকি ঘরোয়া ক্রিকেটে পক্ষপাতমূলক আম্পায়ারিং আর পাতানো ম্যাচের অভিযোগও খেলোয়াড়দেরই সাজানো নাটক বলে দাবি করেন সুজন। ২৩ অক্টোবর রাতে বোর্ড পরিচালকদের বৈঠকে খেলোয়াড়দের নিয়ে মন্তব্য করায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের তোপের মুখে পড়েন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। ২২ অক্টোবর বোর্ড কর্মকর্তাদের নিজেদের সভায় বিসিবির সাবেক খেলোয়াড়-পরিচালকেরাই বর্তমান খেলোয়াড়দের প্রতি বেশি আক্রমণাত্মক ছিলেন। মাহমুদ ২৩ অক্টোবর রাতের সভায়ও ধরে রাখেন সেই ধারাবাহিকতা। সভার একাধিক সূত্র থেকে জানা যায়, তিনি নাকি ঢাকার ক্রিকেটে কোনো পাতানো ম্যাচ হয় না বলে দাবি করেছেন সভায়। আম্পায়ারদের দু-একটি ভুল ছাড়া বাকি সবই নাকি কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের সাজানো নাটক।

সুজনের এমন কথাবার্তার প্রেক্ষিতে তাঁর ওপর খেপে যান বোর্ড সভাপতি নাজমুল হাসান। উচ্চ স্বরে তিনি বলে ওঠেন, ‘চুপ করো। তুমি (খালেদ মাহমুদ) আর কথা বলবা না। একটা কথাও না। তোমার লজ্জা লাগে না! টাকা নাও আবার কথা বলো! আমাকে অনেক ভুল বুঝাইছ এত দিন।’ এর আগে ২২ অক্টোবর সংবাদ সম্মেলনে নাজমুল হাসান একপর্যায়ে স্বীকার করেন, বিসিবির পরিচালক হয়েও জাতীয় দলের ম্যানেজার হিসেবে খালেদ মাহমুদের বেতন নেওয়া, ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের কোচিং করানো স্বার্থের সংঘাত সৃষ্টি করছে। ওদিকে খেলোয়াড়দের দেওয়া প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করে দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। বিভিন্ন বিভাগ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করছেন তিনি। খেলোয়াড়দের আর্থিক দাবিদাওয়াগুলো মেটানোর চেষ্টাই আগে করা হবে বলে জানিয়েছে বোর্ড সূত্র। প্রায় সব খেলাতেই বাড়বে খেলোয়াড়দের টাকা। জাতীয় লিগের পারিশ্রমিক এবং অন্যান্য ভাতা বেড়ে হবে প্রায় দ্বিগুণ। জাতীয় দলের খেলোয়াড়দের বেতন, ম্যাচ ফি—সবই বাড়বে উল্লেখযোগ্য হারে। অনুশীলনের ইনডোরে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বসাতে প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগও শুরু হয়ে গেছে বৃহস্পতিবার থেকেই।

Share.

Comments are closed.