২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৭

ভোলার ঘটনা নিয়ে যা বললেন তিনি

Google+ Pinterest LinkedIn Tumblr +

ভোলায় ফেসবুক চ্যাটিংয়ে মহানবীকে নিয়ে কটূক্তির জেরে পুলিশ-জনতার মধ্যে সংঘর্ষের ঘটনায় কেউ কর্তব্যে অবহেলা করে থাকলে তার বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেছেন, এই ঘটনায় একটি মামলা হয়েছে। ছেলেটিকেও আটক করা হয়েছে। এটা তদন্তের জন্য আমরা সিঙ্গাপুর ভিত্তিক ফেসবুকের যে অফিস আছে সেখানে আবেদন করেছি। আশা করছি এক অথবা দুই দিনের মধ্যে সম্পূর্ণ তথ্য আমাদের কাছে চলে আসবে। কে এই লেখা লিখেছে অথবা কার মোবাইল থেকে ঘটনাটি ঘটিয়েছে তার সব তথ্য চলে আসবে। সম্পূর্ণ তথ্য না আসা পর্যন্ত সবারই একটু অপেক্ষা করা উচিত। শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য আমরা সবাইকে আবেদন করছি। যে ঘটনাটি ঘটেছে অবশ্যই আইন অনুযায়ী তার বিচার হবে। কেউ যেন এই মুহূর্তে আইন হাতে তুলে না নেয়।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি ঘটনা ঘটার সঙ্গে-সঙ্গে এসপি এবং ওসির সঙ্গে কথা বলেছি। তারা বলেছিলেন, এই ঘটনার পরে (ফেসবুক চ্যাটিংয়ে মহানবীকে নিয়ে অশ্লীল মন্তব্য) একটি সমাবেশ ডেকেছিল। সেই সমাবেশ করে আয়োজকরা চলে গিয়েছেন। কিন্তু সমাবেশের কিছু অংশ দুই থেকে তিনশ জনতা এসে ইউএনও এবং ওসিসহ পুলিশ অফিসাররা যে রুমে ছিলেন সে জায়গাটিতে এসে মারমুখী আচরণ শুরু করেন। তারা দরজা ভাঙ্গার চেষ্টা করেন এবং ইটপাটকেল ছুড়ে তখন ইউএনও গুলিবর্ষণের কথা বলছেন। এটা আমার শোনা কথা। এটা তদন্তের মধ্যেই চলে আসবে কে গুলি করার অনুমতি দিয়েছেন, কিভাবে গুলি হয়েছে। মূল তদন্তের পর এগুলো বের হয়ে আসবে।

তিনি আরও বলেন, ঐদিন পুলিশ আত্মরক্ষার জন্য গুলি ওপেন করে। এরপর একটা দুঃখজনক ঘটনা ঘটে। চারজন নিহত হয়েছেন। কয়েকজন আহত হয়েছেন। এছাড়া পুলিশেরও একজন আহত হয়েছেন। আমরা সবাই এটার জন্য দুঃখ প্রকাশ করছি। এই ঘটনায় কেউ কর্তব্যে অবহেলা করে থাকলে তার বিচার হবে, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। ওই এলাকার সংসদ সদস্য তাৎক্ষণিক ওখানে গিয়েছেন, তাৎক্ষণিকভাবে তিনি তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন। সংসদ সদস্য আরো ব্যবস্থা নিচ্ছেন, যাতে করে আর্থিক সহযোগিতা তারা পায়।

Share.

Comments are closed.