সিনেমা জগতে পা দেওয়ার পর থেকেই আর পেছনে তাকাতে হয়নি। হিটের পর হিট, দীপিকার সঙ্গে স্বপ্নের মতো বিয়ে, বেশ কয়েকটা নামি দামী অ্যাওয়ার্ড – সবই পেয়েছেন তিনি। কি? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি। জ্বী, ঠিক ধরেছেন। কথা হচ্ছিল বলিউডের সুপারস্টার রণবীর সিংহকে নিয়ে। রঙ বেরঙের পোশাক, ভিন্ন ধরণের ফ্যাশনের জন্য সবসময়ই আলোচনায় থাকা রণবীর ছোটবেলায় ঠিক কেমন ছিলেন? সে নিয়ে কথা বলেছেন রণবীরের সেই ছোট্ট বেলার পুরনো বন্ধু, সেলিব্রিটি ডিজাইনার সিমন খামবাট্টা।
এক সাক্ষাৎকারে সিমন বলেন, ‘রণবীরের সঙ্গে আমার বন্ধুত্বটা আজকের নয়, বেশ পুরনো। ছোটবেলা থেকেই জানতাম একদিন না একদিন ও বিশাল বড় স্টার হবে। সেই ছোট থেকেই ওর মধ্যে একটা আলাদা কিছু ছিল, যা তাকে সুপারস্টার ভাবতে মানুষকে বাধ্য করে।’ রণবীর নিজের জন্মদিন কীভাবে পালন করতেন এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, রঙ বেরঙের পোশাক পরে জন্মদিনে গোবিন্দ’র সিনেমার গানের সঙ্গে চুটিয়ে নাকি নাচতেন এই অভিনেতা। রণবীরের ড্রেসিং স্টাইল যে বরাবরই অন্যরকম, তা বোধ হয় তাঁর সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই বোঝা যায়। ছোটবেলাতেও এমনটাই ছিলেন তিনি। সিমনের সঙ্গে রণবীরের বন্ধুত্ব সেই ১১ বছর বয়স থেকে। সিমনের ‘ওয়েডিং কালেকশন’-এর অনুষ্ঠানেও রণবীরই ছিলেন প্রধান আকর্ষণ। সিমনের সঙ্গে কাজ করে রণবীর অনুভূতির কথা বলতে গিয়ে জানান, ‘প্রিয় বন্ধুদের মধ্যে সিমন আমার কাছে অন্যতম। ওর ক্রিয়েটিভিতে আমি মুগ্ধ। ওর সাফল্যের ভাগীদার হতে পেরে আমি খুশি, এবং একই সঙ্গে গর্বিত।’
