চাঁপাইনবাবগঞ্জে ৭৪০ বোতল ফেনসিডিল নিজ হেফাজতে রাখার দায়ে বিশেষ ক্ষমতা আইনে রুজুকৃত একটি মামলায় দু’জনকে ১৪ বছর করে কারাদন্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া একই মামলায় অপর চার আসামীকে খালাস দিয়েছে আদালত। রোববার (২০ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক শওকত আলী এক পলাতক ও এক দন্ডিতের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দন্ডিতরা হলেন, সদর উপজেলার নবাবজায়গীর ৭ নং বাঁধ এলাকার মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম শরিফ(৩৯) ও জেলার শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে রায়হান আলী (২৪)। দন্ডিত রায়হান আলী পলাতক রয়েছেন। মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবি আঞ্জুমান আরা জানান, ২০১৫ সালের ৩১ মে ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা এলাকায় পুলিশ লাইন সংলগ্ন সড়কে চেকপোষ্ট বসায় গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় ওইদিন জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম আটক চারজন ও পলাতক দু’জনসহ ৬ জনকে আসামী করে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের তৎকালীন উপপরিদর্শক(এসআই) আলতাফ হোসেন ২০১৫ সালের ২১’অক্টোবর ওই ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্যশীট দাখিল করেন।
দীর্ঘ শুনানী, ১১জনের সাক্ষ্য ও প্রমাণের পর ট্রাইবুনাল রোববার চোরাই পথে নিষিদ্ধ ফেনসিডিল এনে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে শরিফ ও রায়হানকে দোষি সাব্যস্ত করে দন্ড প্রদান করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. তসিকুল ইসলাম সহ অনান্যরা।
