ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দ কারাবন্দি খালেদা জিয়াকে দেখতে যাবেন। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নামের তালিকা হস্তান্তর করা হবে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে। আজ রবিবার (২০ অক্টোবর) ঐক্যফ্রন্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রায় ১৮ মাস ধরে কারাগারে। আদালতের রায়ে ১৭ বছরের সাজা হয়েছে তার। খালেদা জিয়া তিন মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এছাড়া বিরোধী দল বিএনপির প্রধান ছিলেন। পৃথক দু’টি মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে।
আগামী দুই-একদিনের মধ্যেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আসম রবের নেতৃত্বে দেখা করতে নাম দিয়ে আসবেন ঐক্যফ্রন্টের নেতারা। অনুমতি পাওয়া গেলে পরে ড. কামাল হোসেনের নেতৃত্বে শীর্ষ নেতারা খালেদা জিয়াকে দেখতে যাবেন। উল্লেখ্য, খালেদার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের প্রয়াত স্বামী ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি দাতব্য সংস্থার তহবিল আত্মসাৎ করেছেন। খালেদার আইনজীবীরা দ্বিতীয়বারের মতো দেশের সর্বোচ্চ আদালতে আপিল করেছেন।
বর্তমানে ৭৪ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী নিজেকে নির্দোষ প্রমাণে আইনি লড়াইয়ে লড়ছেন।
