প্রথমবারের মতো বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ছয় দিনব্যাপী ‘বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ’। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগানী ৯ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের লোগো ও ট্রফি উন্মোচন করা হয়েছে। এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি এই প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
বাংলাদেশ, তুর্কমেনস্তান, নেপাল, আফগানিস্তান, মালদ্বীপ, ও কিরগিজস্তান এই ৬ দলের অংশগ্রহণের মাধ্যমেই দেশের মাটিতে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশের মেয়েরা। প্রতিযোগিতার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ইউনুস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস।
৯ নভেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা প্রধান অতিথি থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পিকার ড. শিরিন শারমীন। ৭-৮ নভেম্বর বিদেশি দল ও অতিথিরা বাংলাদেশে আসবেন এবং ১৫ নভেম্বর তারা বাংলাদেশ ত্যাগ করবেন।
