২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২০

কর্নফুলী এক্সপ্রেসে হঠাত আগুন, আহত কমপক্ষে ১৫

Google+ Pinterest LinkedIn Tumblr +
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-ঢাকা রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় ট্রেনের বড় ধরণের ক্ষতি না হলেও এতে ট্রেনে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
রেলের যাত্রী, প্রত্যক্ষদর্শী ও কুমিল্লা রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ট্রেনটি শশীদল স্টেশন অতিক্রম করে রাজাপুর স্টেশনে প্রবেশকালে ট্রেনের ইঞ্জিন থেকে হঠাৎ আগুন ও ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ট্রেন থেকে যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১৫ যাত্রী আহত হন।
ট্রেনের যাত্রী কুমিল্লার পিপুলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ নজির আহাম্মদ মজুমদার জানান, ট্রেনে আগুনের আতঙ্কে অন্যান্য যাত্রীর সাথে ট্রেন থেকে আমিও লাফিয়ে পড়ি।
কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী জানান, আগুনে ট্রেনের বড় ধরণের কোন ক্ষতি হয়নি, আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথে রেলের কর্মচারীরা তা নিভিয়ে ফেলে। কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার মো. শফিকুর রহমান ভূঁইয়া জানান, এ ঘটনায় ট্রেনটি কুমিল্লা স্টেশনে ১২ মিনিট বিলম্বে আসে এবং পরে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
Share.

Comments are closed.