দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. আবদুল হামিদ। প্রথমবারের মতো টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপ্রধানের শপথ নিয়ে তিনি ইতিহাস গড়লেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, দেশের সাবেক রাষ্ট্রপতিবৃন্দ, বিচারকগণ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, রাষ্ট্রপতির পরিবারের সদস্য, সংসদ সদস্যবৃন্দ, সিনিয়র রাজনীতিবিদ, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান মো. আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম। এ সময় শেখ হাসিনার সঙ্গে শেখ রেহানা উপস্থিত ছিলেন। পরে স্পিকার শিরীন শারমিনসহ তারা একসঙ্গে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন। এসময় সামরিক বাহিনীর একটি বাদক দল ফ্যানফেয়ার বাজায়। দরবার হলে ঢোকার পরে মো. আবদুল হামিদ ও শিরীন শারমিন চৌধুরী মঞ্চে ওঠেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সাদা পাঞ্জাবি ও মুজিব কোট পরিহিত আবদুল হামিদ শপথবাক্য পাঠ করার পর সবাইকে হাত তুলে সালাম জানান। পরে শপথনামায় স্বাক্ষর করেন তিনি। শপথ গ্রহণ শেষে মঞ্চ থেকে নেমে আবদুল হামিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় শেখ হাসিনা, শেখ রেহানা ও বিরোধীদলীয় নেতা ফুল দিয়ে আবদুল হামিদকে শুভেচ্ছা জানান।

