২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩০

চট্টগ্রামের লাভলেইন মসজিদে উত্তেজনা, পুলিশ মোতায়েন

Google+ Pinterest LinkedIn Tumblr +

গত জানুয়ারির প্রথম সপ্তাহে বিশ্ব ইজতেমা সামনে রেখে তাবলিগ জামাতে বিভক্তির ঢেউ অবশেষে আছড়ে পড়লো চট্টগ্রাম নগরীর লাভলেইন তাবলিগ মসজিদে।

হেফাজতে ইসলামের আমীর মাওলানা আহমেদ শফির অনুসারী একটি তাবলিগ গ্রুপ বিশ্ব তাবলিগের আমীর মাওলানা সাদ কান্ধলভীর নেতৃত্বের প্রতি অনাস্থা এনে ৮ সদস্যের শূরা কমিটি গঠন করে বৃহস্পতিবার লাভলেইন মসজিদে প্রবেশের ঘোষণাকে কেন্দ্র করে দুইপক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে বৃহস্পতিবার বিকেল থেকে।

পুলিশের হস্তক্ষেপ ও পাহারায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও দুইপক্ষের মাঝে উত্তেজনা চলছে। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর বিপুল সদস্য লাভলেইন মাদানি মসজিদ ঘিরে অবস্থান করছে।

এর আগে বৃহস্পতিবার সকালে সিএমপি কমিশনার ইকবাল বাহার বরাবরে লাভলেইন মাদানি মসজিদ তবলিগ মার্কাসে বহিরাগত হস্তক্ষেপ ও শান্তিভঙ্গের আশঙ্কা করে একটি আবেদন করে মসজিদের বর্তমান শূরা কমিটি।

আবুল কালাম আজাদ ও আবদুল হালিমের করা আবেদনে বলা হয়, হাটহাজারী মাদ্রাসার মাওলানা আহমেদ শফির আহ্বানে বুধবার (২১ মার্চ) অনুষ্ঠিত বৈঠকে ৮ সদস্যের শূরা কমিটি গঠন করে তাদেরকে লাভলেইন মারকাযের মজলিসে শূরার বর্তমান সদস্যবৃন্দের সাথে সংযুক্ত করতে বলা হয়।

এছাড়া যতদিন পর্যন্ত দারুল উলুম দেওবন্দ মাওলানা সাদ সাহেবের ব্যাপারে লিখিত আস্থা প্রকাশ করবে না এবং নিজামুদ্দীন মারকাযের ব্যাপারে কোনো আলোচনা করা যাবে না এবং নিজামুদ্দীনে কাউকে পাঠানো যাবে না এবং বৃহস্পতিবার (২২ মার্চ) বাদ আছর থেকে লাভলেইন মারকাযে উলামা-মাশায়েখ এবং তাবলিগী সাথীদের জোড় অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে তাতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ সম্বলিত রেজুলেশন বুধবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।

এ অবস্থায় লাভলেইন মারকাযের মজলিসে শূরা সদস্য ও তাদের অনুসারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা পুলিশ কমিশনারের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেল থেকে লাভলেইন মাদানি মসজিদের সামনে ও আশপাশে পুলিশ এসে অবস্থান নেয়।

সিএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন বলেন, তাবলিগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও মুখোমুখি অবস্থানের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেছি। পুলিশের কঠোর অবস্থানের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Share.

Comments are closed.