পিলার তৈরির জন্য সিমেন্ট সুড়কির ঢালাই দেওয়ার আগেই ভেঙে পড়েছে পিলারের কাঠামো। আজ বুধবার রাতে চট্টগ্রামে নির্মাণাধীন আখতারুজ্জামান ফ্লাইওভারের একটি অংশে এই ঘটনা ঘটে।
ফ্লাইওভারটির একটি লুপ ষোলশহরের সফদর আলী ম্যানসনের সামনে দিয়ে সানমার ওশান সিটির সামনে নামার কথা ছিল। সেই লুপের নিচে একটি পিলারের কাঠামো তৈরি হয়েছিল রড দিয়ে। দুই একদিনের মধ্যে সেটিতে ঢালাই দেওয়ার কথা থাকলেও আজ রাতে তা মাটিতে পড়ে যায়। সফদর আলী ম্যানসনের ফটকের সামনেই এই ঘটনা ঘটে।
আখতারুজ্জামান ফ্লাইওভারের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান বলেন, এটি খুব বেশি ভয়ানক কিছু নয়। সম্ভবত লোহার রডের ওই কাঠামোর মাথা বেশি ভারী হয়ে গিয়েছিল। সে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে উপস্থিত আসাদ নামের এক ব্যক্তি জানান, তিনি এই কাজের তদারকি করছেন। তিনি জানান, ঘটনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে। তবে প্রাথমিক কারণ হিসেবে তিনিও ওই রডের কাঠামোর মাথা ভারী হওয়াকেই চিহ্নিত করলেন। এন টি ভি. কম

