দিন যতই যাচ্ছে আর
মোটিভ পাল্টাচ্ছে নরসিংদীর আলোচিত ও চাঞ্চল্যকর কিশোরী আজিজা বেগমকে পুড়িয়ে হত্যার তদন্ত। চাচির মোবাইল ফোন চুরির সঙ্গে নতুন সংযোজন হয়েছে কিশোরী আজিজার সঙ্গে কথিত প্রেমিকের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায়ের ঘটনা।
একদিকে মোবাইল ফোন চুরির অপরাধে চাচি ও তাঁর স্বজনরা মিলে আজিজাকে পুড়িয়ে হত্যার অভিযোগ অন্যদিকে প্রেমিকের কাছে প্রতারিত হয়ে নিজেই আগুনে পুড়ে আত্মহত্যা নাকি বাল্যবিবাহের নাটক সেটাই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে।
নরসিংদীতে কিশোরী আজিজা বেগমকে পুড়িয়ে হত্যা মামলার তদন্তে নতুন মোড় নিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আমেনা বেগম। এই ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেটের বিশ্বনাথ থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে প্রধান আসামি আজিজার চাচি বিউটি বেগম ও বিউটির মা সানোয়ারা বেগম। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুদিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন।
অন্যদিকে নরসিংদী সদর থেকে ডিবি পুলিশ আজিজার কথিত প্রেমিক নরসিংদী শহরের ব্রাহ্মণপাড়া এলাকার রোমান হোসেন (২০), তার বন্ধু কামারগাঁও এলাকার সুজন মিয়া (২১) ও নাগরিয়াকান্দী এলাকার রেজাউল করিমকে (২০) গ্রেপ্তার করেছে। তারা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়া আজিজার বাবার ফুফু পুলিশি রিমান্ডে রয়েছেন।
এসব বিষয় নিয়ে আজ বুধবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার আমেনা বেগম। তিনি বলেছেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিউটি বেগমের চুরি হওয়া মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। বিউটি ও তার মাকে জিজ্ঞাসাবাদ এবং মামলার এজাহারভুক্ত অপর আসামি রুবেল মিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের আগে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
