প্রধান বিরোধী দল
চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এসময় প্রায় কুড়িটি গাড়ি ভাঙচুর করা হয়।
রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাওয়ার পথে ফেনীতে ঢোকার মুখে আজ দুপুরের পর তার গাড়িবহরের শেষের দিকের থাকা গাড়িগুলোর ওপর এই হামলা চালানো হয়।
হামলায় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এসময় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
বিএনপির নেতারা অভিযোগ করছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মীরা খালেদা জিয়ার এই বহরের উপর হামলা চালিয়েছে। দলটি বলছে, এছাড়াও বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা কর্মীরা সড়ক অবরোধ করে রাখে যাতে খালেদা জিয়া স্থানীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতে না পারেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় পুলিশ বলছে, এরকম কোন হামলার খবর তাদের জানা নেই।
বিএনপি বলছে, প্রায় ৩০ জনের মতো লোক লাঠিসোটা নিয়ে রাস্তায় উঠে এসে হঠাৎ করেই হামলা চালায় এবং ১৫ থেকে ২০টি গাড়ি ভাঙচুর করে।সাংবাদিকদের গাড়ি ছাড়াও আরো যেসব গাড়ি ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে রয়েছে বিএনপির স্টিকার ও পোস্টার লাগানো কয়েকটি গাড়িও।হামলার সময় কয়েকটি সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব গাড়ির কাঁচ ভেঙে ফেলা হয়েছে। আহত হয়েছেন কয়েকজন সাংবাদিক।বিএনপির কেন্দ্রীয় নেতা রিজভী আহমেদ ঢাকায় এক সংবাদ সম্মেলন করে বলেছেন, তাদের নেত্রী খালেদা জিয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাওয়ার পথে কয়েক জায়গায় তার গাড়িবহরে হামলা চালানো হয়েছে।তিনি অভিযোগ করেন যে, দলের নেত্রীর এই যাওয়ার পথে স্থানীয় প্রশাসনের কাছ থেকে তার নিরাপত্তার ব্যাপারে সহযোগিতা চেয়েও তারা ব্যর্থ হয়েছেন।এর আগেও কয়েক ট্রাক ত্রাণ নিয়ে কক্সবাজারের যাওয়ার পথে বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে আটকে দেওয়া হয়।তখন ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটির মাধ্যমে ত্রাণ দেওয়ার উদ্যোগ না নেওয়ায় তাদের আটকানো হয়েছে।বিবিসি
