২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৭

এবার চবি ভর্তি জালিয়াতে ধরা পড়ল ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সম্পাদক

Google+ Pinterest LinkedIn Tumblr +
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি জালিয়াতির চেষ্টা ও জালিয়াতি চক্রের সদস্য হিসেবে পরিচিত চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সম্পাদক ইশতিয়াক আহমেদ সৌরভকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছে দুটি হিয়ারিং ডিভাইস, দুটি ব্লু-টুথ ও বেশ কয়েকটি ব্যাটারি পাওয়া যায়। সৌরভ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা যায়, চবির ভর্তি পরীক্ষার একদিন আগে মঙ্গলবার বায়েজিদ থানার অক্সিজেন এলাকা থেকে তিনটি ডিভাইসসহ আটক করা হয় ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল কবিরকে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ভর্তি জালিয়াতি চক্রের সদস্য হিসেবে আটক করে ইশতিয়াক আহমেদ সৌরভকে। সৌরভ নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী হিসেবে পরিচিত বলে জানা যায়।
অভিযানে অংশ নেয়া পাঁচলাইশ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোবাশ্বের হোসাইন জানান, সৌরভের কাছ থেকে হিয়ারিং ডিভাইস, ব্ল-টুথ ও বেশ কয়েকটি ব্যাটারি পাওয়া গেছে। নাজমুল কবিরের সঙ্গে তার সম্পৃক্ততাও পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদেরও আটক করার চেষ্টা চলছে। ইতোমধ্যেই নাজমুল কবিরের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা অধ্যাদেশ-১৯৮০ সালের ১৩ ধারায় মামলা করা হয়েছে।
Share.

Comments are closed.