বিদ্যুৎ, জ্বালানি ও
খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ট্রাস্টি নসরুল হামিদ বিপু বলেছেন, ‘ইয়ং বাংলা যখন তার কার্যক্রম শুরু করে তখন লক্ষ্য ছিলো তরুণদের জন্য এক প্লাটফর্ম তৈরি করা। বর্তমানে আমাদের সঙ্গে সংযুক্ত আছে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ। আমাদের লক্ষ্য দেশের ৪ কোটি তরুণকে এই প্লাটফর্মের সঙ্গে সংযুক্ত করা।’
রবিবার ধানমন্ডির একটি রেস্তরায় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন তিনি।
বিপু জানান, ২০১৫ সালে এই অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নেয়া হয় তরুণদের অনুপ্রেরণা প্রদানের জন্য। সেবার আমরা ৩০ জনকে বাছাই করেছিলাম। এবার ১৩০০ আবেদন থেকে ৫০ জনকে বাছাই করা হয়েছে।
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড কোন রাজনৈতিক বিষয় নয় বলে জানিয়ে তিনি বলেন, এখানে তরুণদের নিজ সমাজে অবদানের জন্য পুরস্কৃত করা হচ্ছে, যেন তাদের দেখে অন্যান্য তরুণেরা সমাজ গঠনের কাজে অনুপ্রেরণা পায়।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য ও ইয়ং বাংলার আহ্বায়ক নাহিম রাজ্জাক বলেন, আমরা ১৩০০ আবেদন পাওয়ার পর তার থেকে ১০০ জনকে বাছাই করেছি এবং মাঠ পর্যায়ে গিয়ে তাদের কার্যক্রম দেখে এসেছি। এভাবেই ৫০ জনকে বাছাই করা হয়েছে। আগামী ২০ ও ২১ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে এই বাছাইকৃত ৫০ জনের মধ্য থেকে ৩০ জনের হাতে পুরস্কার তুলে দেবেন সজীব ওয়াজেদ জয়।
