২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৪২

নীল আকাশের নীচে’চীর নিদ্রায় নায়ক রাজ’

Google+ Pinterest LinkedIn Tumblr +

উনি হয়ত আর ফিরে আসবেন না,আর হয়ত তার অনেক সাধের ময়না কে ডাকবেন না , কিন্তু তার দুঃখ ফোটানো কন্ঠে আকাশও সে সময় হয়ত কাঁদছিল। নায়করাজের শেষ বিদায়কে ঘিরে ভক্তদের চোখের জলের ধারা ধুয়ে যাচ্ছিল অঝোর বর্ষণে। বৃক্ষছায়া শোভিত বনানী কবরস্থানে গতকাল বুধবার বৃষ্টির ধারায় ভিজে ভিজে অন্তিম শয়ানে গেলেন বাংলার কিংবদন্তিতুল্য অভিনেতা নায়করাজ রাজ্জাক। বৃষ্টি উপেক্ষা করে বনানী কবরস্থানে ছুটে আসা শত ভক্ত-শুভার্থী জানালেন, বাংলাদেশের মানুষের মন থেকে তাঁকে মুছে ফেলা সম্ভব না। গত সোমবার সন্ধ্যা সোয়া ছয়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্জাক।এ সময়ের জনপ্রিয় অভিনেতা শাকিব খান বললেন, বাংলাদেশের চলচ্চিত্র শুরু থেকেই তাঁকে অবলম্বন করে পথ চলেছে। আগামী দিনগুলোতেও তার দেখানো পথেই বাংলাদেশের চলচ্চিত্র গৌরবময় ঐতিহ্যকে ফিরে পেতে কাজ করে যাবে। তার মৃত্যুর পর যত নায়ক আসবেন, তারা সবাই তার আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাবেন। আমাদের ইন্ডাস্ট্রি দাঁড় করিয়েছেন তিনি। নায়করাজের দাফনে অংশ নিতে হাজারো ভক্ত-অনুরাগী জড়ো হন বনানী কবরস্থানে। সকাল সোয়া দশটায় রাজ্জাকের কফিন এসে পৌঁছায় বনানী কবরস্থানে। বৃষ্টির মধ্যেই নায়করাজের দাফন সম্পন্ন হয়। এ সময় রাজ্জাকের তিন ছেলে রেজাউল করিম বাপ্পারাজ, মেজো ছেলে রওশন হোসাইন বাপ্পী ও ছোট ছেলে খালিদ হোসাইন সম্রাট উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক উজ্জ্বল, শাকিব খান, ফেরদৌস, চলচ্চিত্র পরিচালক ওয়াকিল আহমেদ, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু প্রমুখ।

রাজ্জাকের ছেলে রওশন হোসাইন বাপ্পী বলেন, ‘বাবাকে নিয়ে আমাদের গর্ব হয়। তার মৃত্যুতে সারা দেশের মানুষ, প্রধানমন্ত্রী, প্রশাসন থেকে শুরু করে সবাই যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা গোটা পরিবার বড় কৃতজ্ঞ।’

ছোট ছেলে খালিদ হোসাইন সম্রাট বলেন, ‘আমার বাবা আমার হাতেই মারা গেছেন। তিনি বড় শান্তিতেই চলে গেছেন।’ সমবেতদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমাদের পাশে সব সময় ছিলেন, সেজন্য ধন্যবাদ। আমরা মেজো ভাইয়ের জন্য অপেক্ষা করেছিলাম। তিনি এসেছেন। আমরা তিন ভাই মিলে দাফন করেছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’
পারিবারিকসূত্রে জানা যায়, আগামীকাল শুক্রবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আর শনিবার এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার সকাল সাড়ে ১০টায় তার স্মরণসভা করবে। এর পর মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে।

 

Share.

Comments are closed.