শিক্ষার্থীকে ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতন করে মাথা ন্যাড়া করার মামলার প্রধান আসামি তুফান সরকারকে বগুড়া জেলা কারাগার থেকে গাজীপুরের
হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়েছে।
হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়েছে।শনিবার দুপুর ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যান যোগে তুফান সরকারকে গাজীপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। জেলা কারাগারে থাকা অবস্থায় ফেনসিডিল সেবন ছাড়াও বিভিন্ন অবৈধ সুবিধা পাওয়ার অভিযোগে তাকে স্থানান্তর করা হয়েছে। তবে কারা কর্তৃপক্ষ বলেছেন- প্রশাসনিক সুবিধার্থে তুফান সরকারকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, ১৭ জুলাই ভালো কলেজে ভর্তির কথা বলে সদ্য মাধ্যমিক পাস করা এক শিক্ষার্থীকে বাসায় এনে ধর্ষণ করেন তুফান সরকার। এরপর ২৮ জুলাই বিকেলে তুফানের স্ত্রী আশা, তার বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি ও তার মা রুমি বেগমসহ তাদের সহযোগীরা কাউন্সিলরের চকসুত্রাপুর এলাকার বাসায় শালিসের নামে ওই শিক্ষার্থী ও তার মাকে নির্যাতন করে ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থী ও তার মায়ের করা দুটি মামলায় নির্যাতনকারীদের গ্রেফতার করা হয়।
