কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাটহাজারী উপজেলা বিএনপি’র সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ২২ জুলাই শনিবার বিকালে
উপজেলার ১১ মাইলস্থ রহমানিয়া ক্লাবে বিএনপি’র ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন উক্ত কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে যোগদানকারী নেতাকর্মীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে বিএনপি ও ছাত্রদলের ১০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। গতকাল শনিবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ১১ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে উপজেলা ফতেপুর বিএনপি’র মীর নাছির গ্রুপের নেতাকর্মীরা ১১ মাইলস্থ রহমানিয়া ক্লাবে অনুষ্ঠানে যোগদিতে ব্যানার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং গেইট এলাকা থেকে মিছিল নিয়ে ১১ মাইল ফরেস্ট গেইট এলাকায় এলে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা তাদের গতি রোধ করে। এ সময় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ব্যানার ছিনিয়ে নিয়ে তাদেরকে ধাওয়া করে এবং ছিনিয়ে নেওয়া ব্যানারে আগুন দিয়েছে।
পরবর্তীতে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে রহমানিয়া ক্লাবে অনুষ্ঠানস্থলে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপর পুনরায় হামলা চালালে উপজেলা বিএনপি’র সদস্য সচিব সোলায়মান মঞ্জু সহ অন্তত ১০ নেতা কর্মী আহত হন বলে জানান হাটহাজারী উপজেলা বিএনপি’র আহবায়ক নুর মোহাম্মদ।
খবর পেয়ে হাটহাজারী সার্কেল এর সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন ও মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন জাহাঙ্গীর পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সৃস্ট পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
এদিকে হামলার বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃহাসান হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, জননেত্রী শেখ হাসিনার নামে অশ্লীল ও কুরুচি সম্পন্ন শ্লোগান দিয়ে অনুষ্ঠানস্থলে যাওয়ার সময় আমাদের নেতাকর্মীরা তাদের এমন শ্লোগান দিতে নিষেধ করে মাত্র।
