শিল্পকলা পদক ২০১৬ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। সাত বিভাগে এ বছর পদক পেয়েছেন
– নৃত্যকলায় মোঃ গোলাম মোস্তফা খান, ফটোগ্রাফিতে গোলাম মুস্তাফা, চিত্রকলায় কালিদাস কর্মকার, কণ্ঠ সংগীতে মিতা হক, যন্ত্র সংগীতে পণ্ডিত পবিত্র মোহন দে, লোক সংস্কৃতিতে সিরাজ উদ্দিন খান পাঠান ও নাট্যকলায় সৈয়দ জামিল আহমেদ।
গতকাল শিল্পকলা একাডেমি আয়োজিত সংবাদ সম্মেলনে এই পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পদকপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দিবেন। নির্বাচিত গুণীজনদের প্রত্যেককে একটি স্বর্ণপদক, ১ লাখ টাকা ও একটি সনদপত্র প্রদান করা হবে।
জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক উত্পল কুমার দাস, প্রশিক্ষণ বিভাগের পরিচালক মোঃ শাওকাত ফারুক প্রমুখ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শিল্পকলা একাডেমি ২০১৩ সাল থেকে শিল্পকলা পদক প্রদান করে আসছে।
