কুষ্টিয়ার ভেড়ামারার জঙ্গি আস্তানা থেকে আটককৃত সেই
তিন নারী জঙ্গিকে সোমবার চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। ইতিমধ্যে তারা পুলিশকে অনেক চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার বিকেলে ভেড়ামারা থানার ওসি (তদন্ত) আননুর যায়েদ বলেন, ‘চার দিনের রিমান্ডে থাকা তিন জঙ্গি নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চু ওরফে সাজিদ হাসানের স্ত্রী আশরাদী জাহান তিথী, সংগঠনটির সদস্য রাজিকুল ওরফে তালহার স্ত্রী মাহমুদা খাতুন সুমাইয়া ও নব্য জেএমবি সদস্য আরমান আলীর স্ত্রী টলি আরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। আশা করছি আরো কিছু তথ্য পাওয়া যাবে। তবে আটক তিন নারী জঙ্গিরা মানসিকভাবে কিছুটা ভেঙ্গে পড়েছে।’
ভেড়ামারা থানা পুলিশ এই ঘটনায় অপর এক আসামী বাড়ির মালিক ভেড়ামারা থানা জামাতের রোকন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিস সহকারী নাসিমা বেগমকে জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করলে তাকে জেল হাজতে প্রেরণ করেছে।
এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ভেড়ামারায় তালতলা মসজিদের সামনের একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, রবিবার রাতে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করে পুলিশ। সোমবার তাদের কঠোর নিরাপত্তার মাধ্যমে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক এম.এম মোর্শেদ চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।