২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | রাত ৪:৫৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ তিন কর্মকর্তাকে কারাগারে

Google+ Pinterest LinkedIn Tumblr +

গাজীপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার গাজীপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতের বিচারক মোহাম্মদ আল সামছ জগলুল হোসেন ওই তিনজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই তিন কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোল্লাহ মাহফুজ আল হোসেন, প্রাক্তন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শহীদুর রহমান ও প্রাক্তন উপপরিচালক (অর্থ ও হিসাব) মো. শাহাব উদ্দিন বাদল।

দুদকের গাজীপুর জেলার আইনজীবী মো. মোজাম্মেল হক জানান, দুর্নীতির মামলায় উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে থাকা ওই তিনজন আদালতের নির্দেশনা মোতাবেক আজ দুপুরে গাজীপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে আদালতের বিচারক তাঁদের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সরকারি সিদ্ধান্ত অমান্য করে বিধিবহির্ভূতভাবে ১৫৯ জন কর্মকর্তাকে সিলেকশন গ্রেড প্রদান এবং অর্থ আত্মসাতের অভিযোগে ২০১২ সালে ওই তিনজন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য কাজী শহীদ উল্লাহসহ ১৩ জনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. হাফিজুর রহমান ও এএইচএম শাহজাহান বাদী হয়ে জয়দেবপুর থানায় এ মামলাগুলো করেন। এসব মামলা পরবর্তী সময়ে দুর্নীতি দমন কমিশনে স্থানান্তরিত হয়।

Share.

Comments are closed.