২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | রাত ৪:৫৯

উদ্দাম পার্টি শেষে ফেরার পথে দুর্ঘটনা, মডেল নিহত

Google+ Pinterest LinkedIn Tumblr +

রাতভর উদ্দাম পার্টি। শেষ রাতে ঝড়ের বেগে গাড়ি চালিয়ে বাসায় ফেরার পথে ঘটল দুর্ঘটনা। আর এ দুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতার বিখ্যাত মডেল ও টিভি উপস্থাপিকা সোনিকা সিং চৌহান।

এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সোনিকার সঙ্গে থাকা অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও। দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন বলে সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভোররাত সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এর কিছুক্ষণ পর বিক্রম ও সোনিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় মডেল সোনিকা চৌহানকে। আর বিক্রম এখনো হাসপাতালে ভর্তি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ গতিতে আসছিল গাড়িটি।  নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাড়িটি ফুটপাতে উঠে যায়।  তারপর সেটি ডিভাইডারে ধাক্কা মারে।  দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে গাড়িটির সামনের চাকা দুমড়েমুচড়ে গিয়েছে।

দুর্ঘটনার পর গাড়ির ভেতরেই আটকে পড়েন বিক্রম ও সোনিকা। শব্দ শুনে ছুটে এসে স্থানীয় জনতা উদ্ধার করেন দুজনকেই। সোনিকা যেদিকে বসেছিলেন, সেদিকেই গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁর মাথাসহ শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে।

এদিকে পুলিশ জানিয়েছে, শহরের একটি দামী হোটেলে রাতের পার্টিতে ছিলেন সোনিকা ও বিক্রম। সেই পার্টিতে তাঁরা মদ্যপান করেছিলেন বলে তথ্য মিলেছে। মদ্যপান করার পর প্রচণ্ড গতিতে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।  ময়নাতদন্তের পাশাপাশি বিক্রমের রক্ত পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।

এরই মধ্যে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বিক্রমের বিরুদ্ধে টালিগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

Share.

Comments are closed.