বাংলাদেশের শততম টেস্ট ঘিরে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসির সন্দেহ শুরু হয়েছে। আর এই সন্দেহের মূলে রয়েছেন শ্রীলংকান জাতীয় দলের একজন ক্রিকেটার। যার নাম প্রকাশ করেননি আইসিসির অ্যান্টিকরাপশন ইউনিটের (আকসু) কর্মকর্তারা।
সোমবার এমন খবর দিয়েছে শ্রীলংকার পত্রিকা দ্য সানডে টাইমস।
এক ভক্তের ফোন কল ধরে তদন্ত শুরু করেছেন আকসুর কর্মকর্তারা। শ্রীলংকার টেস্ট দলের ওই খেলোয়াড়কে আমেরিকা থেকে কল করেন এক ভক্ত। তাদের কথোপকথন ঘিরেই যত সন্দেহ।
ওই ক্রিকেটারকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদও করেছে আকসু। তবে এখনও সন্দেহজনক কিছু পাননি আকসুর কর্মকর্তারা।
এ ব্যাপারে আকসুর শ্রীলংকান কর্মকর্তা লক্ষ্মণ ডি সিলভা বলেছেন, ‘হ্যাঁ। আমরা ফোন কলের বিষয়ে ওই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করেছি। এখনও সন্দেহজনক কিছু পাইনি।’
‘তবে আরও তদন্ত চালিয়ে যাব। আসল ঘটনা জানতে হবে। ওই ভক্ত আসলে কে? অথবা এখানে কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করতে হবে’ যোগ করেন তিনি।
তবে এই ঘটনায় একাধিক ক্রিকেটার জড়িত থাকতে পারে বলে যে দাবি করা হয়েছে তা উড়িযে দিযেছেন ডি সিলভা।
কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ তাদের শততম টেস্টে মাঠে নামে। লংকানদের ৪ উইকেটে হারিয়ে শততম টেস্টে জয় পায় টাইগাররা।
