নতুন সকাল: গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরা অবৈধ। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন। এ রেস্তোরার মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্ত্রী জানিয়েছেন।
রোববার সচিবালয়ে বিভিন্ন আবাসিক এলাকায় গড়ে ওঠা অননুমোদিত বাণিজ্যক স্থাপনা ও ভবন উচ্ছেদ-সংক্রান্ত সভার শুরুতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘হলি আর্টিজান নামে গুলশানে অবৈধভাবে ও কোনো অনুমোদন ছাড়াই তারা একটি রেস্টুরেন্ট চালু রেখেছিল। সেখানে একটা ঘটনা ঘটেছে। এটা প্রথমবার বাংলাদেশে ঘটেছে।’
হলি আর্টিজানের মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, একজন সাংবাদিক জানতে চাইলে গণপূর্তমন্ত্রী বলেন, ‘অবশ্যই, যে মালিক হলি আর্টিজান করছে অনুমোদন ছাড়া, অফকোর্স (অবশ্যই)….আমি মনে করি তার বিরুদ্ধে একটা অ্যাকশনে যাওয়া উচিত।’
আপনারা অ্যাকশনে যাচ্ছেন কি না―এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যাব, নিশ্চয়ই যাব।’
১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ২ জন পুলিশ ও জিম্মি ২০ জন দেশি-বিদেশিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আর ২০ জিম্মির মধ্যে ১৭ জনই ছিলেন বিদেশি। এরপর পরের দিন ভোরে সেনা বাহিনীর অভিযানে ৫ সন্ত্রাসীও নিহত হয়।
