অতীতে শ্লীলতাহানির শিকার হয়েছিলেন তেলেগু ও বলিউড সিনেমার নায়িকা তাপসী পান্নু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ কথা স্বীকার করেন। বললেন, সে সময় ভয়ে থাকতাম, কারণ বিষয়টি যদি বাবা-মায়ের কানে যায়!
তাপসী জানান, দিল্লিতে তাকে প্রায়ই বাসে চড়তে হত। সেখানে অনেকবার উত্যক্ত হয়েছেন তিনি। কিন্তু বখাটেদের কোন জবাব দেয়ার সাহস করে উঠতে পারেননি কোনদিন। তিনি বলেন, ‘আমি যে পরিবেশে বেড়ে উঠেছি, আমার মনে হত আমার ভুলের কারণে আমাকে হেনস্তা হতে হচ্ছে। আমি ভয় পেতাম, যদি বিষয়টি আমার বাবা-মায়ের কান পর্যন্ত পৌঁছায় তাহলে কি হবে!’
তাপসীর আসন্ন ‘নাম শাবানা’ ছবিটি নীরজ পান্ডের ‘বেবি’ সিনেমার প্রিক্যুয়েল। এতে তাপসীকে দেখা যাবে অক্ষয় কুমার, রানা ডাজ্ঞুবাতি এবং অনুপম খেরের সঙ্গে। আগামী ৩১ মার্চ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।
