২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | রাত ৪:৫৮

শ্রমিকবান্ধব রাজনীতি-অর্থনীতি গড়বে বৈষম্যমুক্ত সমাজ

Google+ Pinterest LinkedIn Tumblr +

ঐতিহাসিক মে দিবসের শ্রমিক-জনতা সমাবেশে ‘বৈষম্যমুক্ত সমাজ গড়তে শ্রমিকবান্ধব রাজনীতি-অর্থনীতি চর্চা’র ডাক দিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সোমবার সকালে ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি শ্রমিক স্বার্থ রক্ষায় ঐক্য রাখা আর জঙ্গি দমনের যুদ্ধের সামনে থাকার জন্য সমবেত সহস্রাধিক শ্রমিক, কর্মচারী, মজুর ও সর্বস্তরের পেশাজীবী মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।

‘জঙ্গি ও তেঁতুল হুজুর গোষ্ঠী দেশ, নারী ও শ্রমিকের সবচেয়ে বড় শত্রু’ উল্লেখ করে ইনু বলেন, ‘এদের বর্জন করতে হবে, সতর্ক থাকতে হবে।’ সমাজতান্ত্রিক নেতা হাসানুল হক ইনু এসময় শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় ছয় দফা দাবি উত্থাপন করেন। অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের শ্রম আইনের আওতায় আনা, বাজারের সঙ্গে মজুরি হালনাগাদ করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, গাফিলতি পরিহার করে শ্রম আইন হুবহু বাস্তবায়ন, সমকাজে নারী-পুরুষের সম-মজুরি এবং ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করার দাবি তুলে ধরলে সমবেত শ্রমিক-জনতা বিপুল হর্ষধ্বনিতে একাত্মতা জানায়।

সমাবেশে সভাপতির ভাষণে শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার এমপি বলেন, ‘ক্ষতিপূরণ কখনোই শ্রমিকের জীবনের বিনিময় হতে পারে না। শ্রম আইন বাস্তবায়ন ও কলকারখানা পরিদর্শনে সরকারের জোরদার ভূমিকার মাধ্যমে কর্মক্ষেত্রে শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

মে দিবসের এ সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল, সহ-সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদ মহানগর-উত্তরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আহসান হাবীব শামীম প্রমুখ। সমাবেশ শেষে লাল পতাকা হাতে সংলগ্ন এলাকা প্রদক্ষিণকারী সহস্রাধিক শ্রমিক-জনতার মে দিবসের মিছিলে নেতৃত্ব দেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

Share.

Comments are closed.