সাভারে পরোয়ানাভুক্ত মামলার আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় সাভারের মজিদপুর এলাকায় মাদক ব্যবসায়ী মুক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ২০১৩ সালের মাদক আইনের একটি মামলার আসামি মো. খাজাকে ধরতে যান সাভার মডেল থানার এসআই মেহেদী হাসান ও পুলিশ কনস্টেবল আবদুল হালিম সুমনসহ কয়েকজন।
এ সময় সন্ত্রাসীরা তাদের ওপর ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে এসআই মেহেদী ও কনস্টেবল সুমনসহ চারজন আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনার পর মেডিকেল কলেজে কড়া নিরাপত্তা গ্রহণ করে। সংবাদকর্মীসহ কাউকে দেখা করার কিংবা ছবি নিতে দেয়া হয়নি।
সাভার সার্কেলের সিনিয়র এএসপি নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের মজিদপুর এলাকায় মুক্তির বাড়িতে ২০১৩ সালের মাদক মামলার আসামি খাজাকে ধরতে যান সাভার মডেল থানার এসআই মেহেদী এবং কনস্টেবল সুমন। তাদের সঙ্গে ছিলেন পুলিশের সোর্স আমিনুল ইসলাম।
পুলিশ মাদক ব্যবসায়ী খাজাকে আটক করে নিয়ে আসার সময় দুর্বৃত্তরা মেহেদী, সুমন ও আমিনুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় সাগর নামে স্থানীয় এক যুবকও চাপাতির কোপে গুরুতর আহত হন।
সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে যায়। আহত চারজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।-যুগান্তর
