২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | রাত ৪:৫৮

স্মৃতিসৌধে খাদিজা

Google+ Pinterest LinkedIn Tumblr +

সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে আহত খাদিজা বেগম নার্গিস অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। সোমবার বড় ভাই শারনান হক শাহিনের সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে গিয়েছেন খাদিজা। সাভারেই সিআরপিতে চিকিৎসাধীন আছেন সিলেট মহিলা কলেজের ডিগ্রি পাসের শিক্ষার্থী খাদিজা। বোনকে নিয়ে স্মৃতিসৌধে বেড়ানের কিছু ছবি ফেসবুকে আপ করেছেন শাহিন। চীনে চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়নরত শাহিন বোনকে দেখতে সম্প্রতি একমাসের জন্য দেশে এসেছেন।

শাহিন বলেন, সোমবার বিকেলে আমরা জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলাম।

ঘুরতে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, খাদিজা এখন অনেকটা সুস্থ। তবে বাম হাতে ব্যাথা আছে। নিয়মিত থেরাপি দিচ্ছেন চিকিৎসকরা। আগামী ২৬ ফেব্রুয়ারি সিলেট আদালতে খাদিজা হাজির হতে পারবেন বলে আশা প্রকাশ করেন শাহিন।

খাদিজার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার সাক্ষ্য দিতে ২৬ ফেব্রুয়ারি খাদিজাকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম সাইফুজ্জামান হিরো।

উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর এমসি কলেজে ডিগ্রি ফাইনাল পরীক্ষা দিয়ে বের হলে ক্যাম্পাসে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস। ওইদিন বিকেলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক (বহিষ্কৃত) বদরুল আলম। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় অন্যান্য শিক্ষার্থীরা।

গুরুতর আহত অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেটে ওসমানী হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। স্কয়ার হাসপাতালে খাদিজার মাথা ও হাতে তিন দফা অস্ত্রোপচারের পর অনেকটা সুস্থ হলে ২৮ নভেম্বর থেকে সাভারের সিআরপিতে ভর্তি করা হয়।

Share.

Comments are closed.